‘সুরক্ষিত’ জুম ৫.০ প্রকাশ

২৭ এপ্রিল, ২০২০ ০১:৪৭  
সম্প্রতি ভারতের একটি স্কুলে ক্লাসের বদলে প্রায় পাঁচ মিনিট অশ্লীল ভিডিও চলতে শুরু করে অনলাইন ভিডিও আলাপের অ্যাপ জুমে। হতভম্ভ ছাত্র-ছাত্রীরা প্রথমে বুঝতেই পারেননি। বুঝতে পারেননি শিক্ষিকাও। পাঁচ মিনিট পরে তিনি পুরো পরিস্থিতি বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে বন্ধ করলেন জুম অ্যাপ। এমন নানা বিড়ম্বনা আর নিরপত্তা ত্রুটি দূর করে নতুন সিকিউরিটি ও প্রাইভেসি ফিচার নিয়ে চলতি সপ্তাহেই ৫.০ আপডেট সংস্করণ প্রকাশ করেছে জুম। এখন থেকে ৯০ দিনের সিকিউরিটি প্ল্যানের আওতায় ভিডিও চ্যাট ও অডিও কল হবে কঠোর নিরাপত্তায়। গোপনীয়তা নিয়ে প্রশ্ন ওঠার পরই জুম জানায় নতুন আপডেটে মূলত তথ্য গোপন রাখার দিকে নজর দিয়েছে। এই প্ল্যাটফর্মে যুক্ত করেছে AES 256-bit GCM এনক্রিপশন। জুম সিইও এরিক এরিক ইয়ানের ভাষ্য, নতুন লেভেলের এনক্রিপশন বর্তমানে জুম মিটিং, জুম ভিডিও ওয়েবিনার এবং জুম ফোন জুড়ে ব্যবহার করা যাবে। জুম ৫.০ তে রয়েছে রিপোর্ট ইউজার বটন। মিটিং যে সঞ্চালনা করবেন সে কোনো সমস্যা দেখলে রিপোর্ট করতে পারবেন। অন্য ইউজারকেও জানাতে পারবেন। মিটিং পাসওয়ার্ড এখন ডিফল্ট মোড। সুতরাং জুম কলের জন্য পাসওয়ার্ড তৈরিতে থাকবে ডিফল্ট ফিচার।